হবিগঞ্জে পৃথক অভিযানে আটক ২, দেড় কোটি টাকার মালামাল জব্দ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:৪৪ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযানে দুই আসামিকে আটক করেছে। আটকরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শাহেদ মিয়া (২৫) এবং দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আলমগীর মিয়ার ছেলে মো. আশরাফুল (২০)।
অভিযানে মোট ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু, জ্বালানি পানীয় এবং দুটি যানবাহন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত মালামাল ও গাড়ি মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়।
এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জিরার বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি জব্দ করা হয়।
অন্যদিকে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ অভিযানে একই এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান জ্বালানি পানীয় উদ্ধার করা হয় এবং ওই দুইজনকে আটক করা হয়।
এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল খাসপাড়া এলাকা থেকে মালিকবিহীন তিনটি ভারতীয় গরু জব্দ করে।
জব্দকৃত জিরা, গরু ও যানবাহন নিয়ম অনুযায়ী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান ও মাদক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
