জামালপুরে পৌঁছেছে লিমনের মরদেহ, দাফনের প্রস্তুতি সম্পন্ন
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৬:৩২ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার পৈতৃক নিবাস জামালপুরে পৌঁছেছে।
সোমবার (৪ মে) বিকেল ৩টা ১২ মিনিটে মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় অ্যাম্বুলেন্সে করে মরদেহটি পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে সরকারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
বিকেল থেকেই লালডোবা গ্রামে লিমনের জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের আট দিন পর ২৪ এপ্রিল হিলসবোর কাউন্টির একটি সেতুর নিচ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২৬ এপ্রিল নিকটবর্তী একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহও উদ্ধার করা হয়।
