ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ী আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৪ মে) দুপুরে সদর উপজেলার গড়েয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা ব্যবসায়ী খালেকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একই ইউনিয়নের আকবরসহ কয়েকজন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে রাতে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেকের ওপর হামলা চালায়। হামলার পর থেকে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, ২৮ এপ্রিল সন্ধ্যায় গড়েয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খালেকের ছোট ভাই আব্দুল মালেক ঠাকুরগাঁও সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে, ঘটনার পর পুলিশ আকবর আলীকে গ্রেপ্তার করেছে। তবে অন্যান্য আসামিরা এখনো পলাতক রয়েছে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, “ঘটনার সঙ্গে জড়িত আকবর আলীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”