সিরাজগঞ্জ
হাসিনাসহ আ’লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার (৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই আদালতের এপিপি নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার আসামি ১৯৫ জন। এর মধ্যে ৭০ জন জামিনে রয়েছেন এবং শেখ হাসিনাসহ ১২৫ জন আসামি পলাতক রয়েছেন। বিএনপিকর্মী আব্দুল লতিফ হত্যা মামলার আসামি ১৭৮ জন। এর মধ্যে জামিনে আছেন ৪১ জন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩৭ আসামি পলাতক রয়েছেন। এ দুটি মামলায় মোট ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বর সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা হত্যা মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক এমপি জান্নাত আরা হেনরী-সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৩৭৩ নেতাকর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ব্যাপারে সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার বিএনপি কর্মী সুমন শেখের বাবা আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
