বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাইশা ওই এলাকার মো. বাবুলের মেয়ে। সে দুই বোনের মধ্যে বড় ছিল।

নিহতের চাচা মো. রাসেল জানান, সকালে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় মাইশাও সাথে যায়। গোসল শেষে সবাই বাড়িতে ফিরে এলেও মাইশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে সে পুকুরে নেমেছিল।

পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, “দুপুর পৌনে ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত পাওয়া যায়।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।