সখীপুরে ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে জরিমানা
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ‘সখিপুর ফিলিং স্টেশন’-এ তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মাপ যন্ত্রে কারসাজির মাধ্যমে গ্রাহকদের ঠকানোর বিষয়টি ধরা পড়ে। পরীক্ষামূলকভাবে তেল পরিমাপ করে দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ তেল কম দেওয়া হচ্ছে। ৫ মি. লিটার তেলে ২৭০ গ্রাম এবং ১০ মি. লিটার তেলে ৫৪২ গ্রাম পর্যন্ত কম দেওয়ার প্রমাণ মেলে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক সাদুজ্জামান রুমেল।
তিনি জানান, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। সখিপুর ফিলিং স্টেশন মালিককে আপাতত ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হলো। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
এদিকে, দীর্ঘদিন ধরে তেল কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন স্থানীয় গ্রাহকরা। একাধিক ভুক্তভোগী জানান, নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার পরও গাড়িতে প্রত্যাশিত পরিমাণ তেল পাওয়া যাচ্ছিল না। অভিযানের মাধ্যমে বিষয়টি প্রমাণ হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত মনিটরিংয়ের অভাবেই এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলছিল।
