দেবহাটায় আটককৃত ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৯:৪২ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত ভারতীয় রেনু পোনা দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে। রেনু অবমুক্ত করার সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার ৫ এপ্রিল ভোররাতে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার নওয়াপাড়া এলাকার জামতলা মোড়ে মস্তান গফুরের বাড়ির পশ্চিম পাশে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার মধ্যে ভরা ৪টি পলিথিন বলে (যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা) মাছের রেনু পোনা জব্দ করে। ধারণা করা হচ্ছে প্রতিটি বলে ২৫-৩০ হাজার রেনু আছে। পুলিশের ধারণা চোরাকারবারিরা অবৈধ পথে রেনু পোনাগুলো নিয়ে এসে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রেনু পোনাগুলো ফেলে পালিয়ে যায়। পুলিশ রেনু পোনাগুলো জব্দ করে ভোররাতেই বসন্তপুর খালে অবমুক্ত করেন।

এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এএসআই ইব্রাহীম খলিলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি আব্দুল আলিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে। তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেনু পোনাগুলো জব্দ করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় খালে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে পুলিশের অভিযানে ১৬ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছিল।