মৌলভীবাজারে ডাকাতির মামলায় ১৩ জনের যাবজ্জীবন
প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১:১৩ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ১৩ আসামির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩৯৫ ধারায় যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত। একইসাথে প্রত্যেককে আরো ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক বছর করে সাজা প্রদানের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচার শামসাদ বেগম এই রায় ঘোষণা করেন।
দায়িত্বরত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক এ তথ্য জানান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— মিলন, রাহেল, দুলাল, শাহেদ, সেলিম, সাতির, জুনাব আলী, কামাল, মকরম, নকুল, খোকন, জাকারিয়া, জামাল। তাদের বাড়ি কুলাউড়া থানার ভিন্ন ভিন্ন গ্রামে।
রায় ঘোষনাকালীন সময় তিনজন আসামি উপস্থিত থাকায় তাদেরকে সাজা পরোয়ানায় হাজতে প্রেরণ করা হয়েছে, বাকি আসামিরা পলাতক রয়েছেন তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারীর আদেশ হয়েছে।
জানা যায়, কুলাউড়ার কর্মধা গ্রামের বাসিন্দা মো. মারুফ আহমদ-এর বসত ঘরে ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি ডাকাতি ও ধর্ষণ সংগঠিত হওয়ায় তিনি কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো। তবে ধর্ষণ সক্রান্ত অভিযোগের জন্য আলাদা চার্জশিটের প্রেক্ষিতে নারী ও শিশু আদালতে আলাদা মামলা চলমান আছে।
এডভোকেট নিয়ামুল হক বলেন, এই রায় অবশ্যই একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। ডাকাতি একটি ভয়াবহ ঘটনা যা সমাজ, পরিবার, শারীরিক, মানসিকভাবে প্রভাব ফেলে। দৃষ্টান্তমূলক সাজা প্রদান সমাজ থেকে অপরাধ নির্মূলে কাজ করতে অবশ্যই গুরুত্ববহন করে।
