নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাই
প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আব্দুল মালেক (৪৬) মুন্সীগঞ্জ সদর থানার চরমসুরা গ্রামের জালাল মাদবরের ছেলে।
তার বহনকারী গাড়িচালক জানান, রাত আড়াইটার দিকে তারা বিমানবন্দর থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ভোর ৪টার দিকে গাড়িটি জালকুড়ি ওভারপাস এলাকায় পৌঁছালে একটি নম্বর প্লেটবিহীন সিলভার রঙের হায়েস মাইক্রোবাস তাদের গতিরোধ করে। গাড়ি থামামাত্র মাইক্রোবাস থেকে ৭-৮ জন দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নেমে আসে। তারা মুহূর্তের মধ্যে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।
এ সময় বাধা দিতে গেলে প্রবাসী আব্দুল মালেককে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে তার কাছে থাকা প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার জানান, ভুক্তভোগী প্রবাসী থানায় এসে বিষয়টি অবহিত করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
