দামুড়হুদায় স্ত্রীর নির্দেশে স্বামীকে হামলার অভিযোগ, গুরুতর জখম

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:১৭ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পারিবারিক কলহের জেরে আক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ১ লাখ ৫৭ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ৯টার দিকে উপজেলার জয়রামপুর শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আক্তার হোসেন ওই এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাতে শহর থেকে পাওনা টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, তার স্ত্রী তাসলিমা খাতুনের নির্দেশে ৭-৮ জন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম জানান, গুরুতর আহত অবস্থায় আক্তার হোসেনকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।