কাপ্তাই হ্রদের মৎস্যজীবীদের কৃষক কার্ডের আওতায় নিয়ে আসা হবে: প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৬ মে ২০২৬, ২১:২৬ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের মৎস্যজীবীদের কৃষক কার্ডের আওতায় নিয়ে আসাবো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
বুধবার (৬ মে) রাঙামাটি বিএফডিসি আয়োজিত কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, কাপ্তাই হ্রদ বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। আগে যে হারে মাছ পাওয়া যেত, এখন আর সেভাবে পাওয়া যাচ্ছে না। মিঠা পানির মাছ উৎপাদনে আমরা দেশে দ্বিতীয় অবস্থানে রয়েছি। এই খাতের উন্নয়নে আমরা আরো কাজ করব।
পরে জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ এবং কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এতে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দিন কবীরের সভাপতিত্বে আরও অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অনুরাধা ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, হ্রদ মৎস্য উন্নয়ন বিপণন কেন্দ্র ব্যবস্থাপক- কমান্ডার মো. ফয়েজ আল করিম কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট অন্যান্য অতিথিরা এসময় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদের ৭.২৫ বর্গকিলোমিটার ড্রেজিং করার পরিকল্পনা আছে তবে পলিথিন বর্জ্য জমে বুড়িগঙ্গায় ককপিটের মতো জমাট বেধে গেলে ড্রেজিং করা যাবে না। কাপ্তাই হ্রদে পলিথিন যাতে না পড়ে সেইদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান।
