দলের কেউ অপরাধ করলে তার শাস্তি দ্বিগুণ: বরকত উল্লাহ বুলু
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৩৮ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, তার দলের কেউ অপরাধে জড়িত হলে তার শাস্তি দ্বিগুণ হবে। তিনি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বুধবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্ল্যাহপুর-মহেশপুর-করিমপুর সড়কের পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কর্মকর্তা শাহাদত হোসেন।
বরকত উল্লাহ বুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশে তৈরি পোশাক শিল্প ও বৈদেশিক রেমিট্যান্স খাতের প্রসার ঘটে। বর্তমানে বৈদেশিক বাণিজ্য ও গার্মেন্টস খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।
এর আগে দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩৯টি পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমান উল্লাহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, আহসান উল্লাহ, রুস্তম আলী, বাহার নজরুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার আন্তরিক এবং পুনর্বাসন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
