যশোরে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৬:২১ | অনলাইন সংস্করণ

যশোরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল চিকিৎসকের পরিচয়পত্রসংবলিত একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির আসনের মাথার অংশের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছার উত্তর কড়ারপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

অভিযানে স্বর্ণের বার ছাড়াও একটি ব্যক্তিগত গাড়ি, পাঁচটি মুঠোফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। গাড়ি, মুঠোফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এটি ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।