গজারিয়ায় খাল খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে: পানি সম্পদ মন্ত্রী
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৮:১৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল খনন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটবে। খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমি মাহবুব, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ-সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
