চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৯:১৭ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে সাংগঠনিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় উপাচার্য দপ্তরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
উপাচার্য বলেন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রায় ৪৪ বছর পর আমাদের ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের এবং গর্বের। এক্ষেত্রে আমাদের অনেক করণীয় রয়েছে। এ খেলার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান, সুনাম এবং ভাবমূর্তি জড়িত রয়েছে। আয়োজনে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, দীর্ঘ সময় পর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমাদের ক্যাম্পাসে হচ্ছে। সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট ও আবাসিক শিক্ষক, প্রক্টর ও সহকারী প্রক্টর, চাকসুর ভিপি, জিএস, এজিএস, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধি, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল।
উল্লেখ্য, আগামী ১০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং ১৭ মে সমাপনী অনুষ্ঠিত হবে।
