চসিকের অভিযান

চট্টগ্রামে ফুটপাতের ৩০ দোকান উচ্ছেদ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২১:৪১ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় জেলা তথ্য অফিস সংলগ্ন রাস্তা ও ফুটপাতে অভিযান চালিয়ে প্রায় ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ ও ১৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৩০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। একইসাথে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।