রংপুরে কোচিং সেন্টারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১:০৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে কোচিং সেন্টারে ৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

শুক্রবার (৮ মে) দুপুরে র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ভুক্তভোগী ৯ বছর বয়সী এক শিশু স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়াশোনা কর। অভিযুক্ত দেলোয়ার হোসেন সাগর ওই কোচিং সেন্টারের শিক্ষক ও পরিচালক ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত রমজান মাসে অভিযুক্তের স্ত্রী বাবার বাড়িতে গেলে তিনি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

পরবর্তীতে গত ১৯ এপ্রিল কোচিং সেন্টারে আবারও ধর্ষণের চেষ্টা করা হলে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় অভিযুক্ত পালিয়ে যান। পরে ২২ এপ্রিল ভুক্তভোগীর মা পীরগাছা থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামি আত্মগোপনে চলে গেলে তাকে গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১ গাজীপুরের যৌথ দল বুধবার রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন সাগর (৩৩)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।