রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন তার গান, সাহিত্য ও দর্শনে: বিদ্যুৎমন্ত্রী
প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর সৃষ্টি গান, সাহিত্য ও দর্শনের মধ্য দিয়ে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
শুক্রবার (৮ মে) দুপুরে সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনকালে মন্ত্রী আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার সৃষ্টি শুধু বাঙালির নয়, সমগ্র বিশ্বের সম্পদ। মানবতা, প্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও বেশি ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানো অত্যন্ত জরুরি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এম মুহিত, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয় এবং এ উৎসবকে ঘিরে কাছারিবাড়ি প্রাঙ্গণে দর্শনার্থীদের ব্যাপক সমাগমের সৃষ্টি হয়েছে।
