গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে: নাসিরুদ্দিন পাটোয়ারী
প্রকাশ : ০৮ মে ২০২৬, ২১:৪৩ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সাম্প্রতিককালে ভারতে বিজেপি জয়ী হয়েছে পশ্চিমবঙ্গে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানী বক্তা না থাকে তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাতে পারবো না।
তিনি বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের ওপর নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইরে সিটি কবরস্থান জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা শুরুর আগে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে নাসির উদ্দিন পাটোয়ারী জুমার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় হুড়োহুড়িতে মসজিদের পেছনের ফটকের কাচের গ্লাস ভেঙে কমপক্ষে ৫ জন মুসল্লি আহত হন। মসজিদের ফটকের কাচের ভাঙা টুকরো পড়ে থাকে। অনেকে আবার সুন্নত নামাজ আদায় করতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।
