হাজীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
প্রকাশ : ০৯ মে ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের তিনটি পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করেছে পুলিশ।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) রাতে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেন্দ্রা এলাকার গাজী বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত ঘর থেকে মো. রাকিব গাজী ওরফে অটল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরে তার হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, শনিবার (৯ মে) সকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া এলাকায় উপপরিদর্শক সৌরভ হাদীর নেতৃত্বে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৪৫) ও শাহাদাত হোসেন (৩৪) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাকির হোসেনের কাছ থেকে ১০ পিস এবং শাহাদাত হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশ মাদক আইনে পৃথক মামলা দায়ের করেছে।
এদিকে, ৮ মে রাতে ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা এলাকায় উপপরিদর্শক মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামুন মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ছাড়া হাজীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে সিআর পারিবারিক ৯৩/২০২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সেলিম ভুঁইয়াকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সব আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবাইকে শৃঙ্খলা মেনে চলার এবং আলোকিত মানুষ ও সমাজ গড়ার অনুরোধ জানান।
