পাওনা টাকা নিয়ে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ১

প্রকাশ : ০৯ মে ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের চেয়ারম্যান বাসভবনে (কার্যালয়ে) পাওনা টাকা নিয়ে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় আলিমুদ্দিন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আলিমুদ্দিন উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলী (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পাওনা টাকা নিয়ে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন আলীর বাসভবনের নিচে (কার্যালয়ে) সালিশ বৈঠক চলছিল। এ সময় লিয়াকত আলী ও পাওনাদার জিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে লিয়াকত আলী ও তার লোকজন জিয়ার চাচা আলিমুদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা কালু মন্ডল জানান, তার নাতি ছেলে জিয়া একই এলাকার লিয়াকত আলীর কাছে ১৩ থেকে ১৪ লাখ টাকা পাবে। এই টাকার জন্য চেয়ারম্যানের বাসভবনে সালিশ বৈঠক চলাকালীন সময় লিয়াকত আলী ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে তার ভাতিজা আলিমুদ্দিনকে পিটিয়ে হত্যা করে।

শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন আলী জানান, জিয়া একই এলাকার লিয়াকতের কাছে পাওনা টাকার জন্য তার কাছে বিচার দেয়। এই ঘটনা নিয়ে বাসভবনে সালিশ বৈঠক চলছিল। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আলিমুদ্দিন গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলী নামের একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।