বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ হয়েছে। শনিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির চৌকস আভিযানিক দল জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ভারতীয় জিরা জব্দ করা হয়।

একই এলাকায় অভিযানে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। কাভার্ড ভ্যানে বস্তার ভিতরেও সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। উভয় যানবাহনেই পণ্য পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় সবগুলো জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।