দিনাজপুরে ট্রাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বাস চলাচল বন্ধ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সড়কে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন ট্রাক শ্রমিকরা।

রোববার (১০ মে) থেকে দিনাজপুর জেলা ট্রাক মালিক-শ্রমিক যৌথ পরিষদের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

শ্রমিকদের এই অবরোধের ফলে দিনাজপুর থেকে ঢাকা ও রংপুরমুখী সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ। শহরের কলেজ মোড়, টার্মিনাল রোড এবং কাঞ্চন ব্রিজসহ বিভিন্ন প্রবেশপথে ট্রাক রেখে রাস্তা আটকে দিয়েছেন শ্রমিকরা।

দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কলেজ মোড় শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, গত এক মাস ধরে শহরের বিভিন্ন রাস্তায় পৌরসভার নাম করে চাঁদা তোলা হচ্ছে। এই চাঁদা আদায় বন্ধের দাবিতে তারা রাজপথে নেমেছেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে কর্মজীবীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বাস চলাচল বন্ধ থাকায় অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করলেও প্রবেশপথগুলো বন্ধ থাকায় ফিরতে হচ্ছে।

এদিকে দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজউদ্দিনের সই করা এক চিঠিতে জানানো হয়েছে, ট্রাক টার্মিনালে টোল আদায়ের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফা টেন্ডার আহ্বান করা হয়েছিল। কিন্তু কোনো দরপত্র জমা না পড়ায় সরকারি রাজস্ব রক্ষায় বাজার পরিদর্শকসহ চার সদস্যের একটি কমিটি গঠন করে খাস টোল আদায়ের সিদ্ধান্ত হয়। ওই কমিটিকে টোল আদায়ে বাধা দেওয়া হচ্ছে বলে পৌরসভার চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাধা দেওয়ার কারণে ১৪৩২ বঙ্গাব্দের টোল আদায় সম্ভব হয়নি বলেও জানানো হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানে শ্রমিক নেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।