মির্জাগঞ্জে বিএনপি নেতার ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি
প্রকাশ : ১০ মে ২০২৬, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে গেটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর নগদ টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
শনিবার (৯ মে) রাত আনুমানিক ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ডেইলি অবজারভার এর মির্জাগঞ্জ প্রতিনিধি ও ব্যবসায়ী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের ব্যাবসায়িক প্রতিষ্ঠান আশ্রাফ প্যালেস-এর নীচ তলায় ‘আল-আমিন ট্রেডার্স’-এ এই চুরির ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, নীল রঙের গেঞ্জি, ফুল প্যান্ট ও মাথায় ক্যাপ পড়া এক ব্যক্তি রাত আনুমানিক ৩টার দিকে কেঁচি গেটের দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
আল-আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আশ্রাফ আলী হাওলাদার বলেন, আমার স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে আমি ঢাকাতে আছি। ফোনের মাধ্যমে জানতে পারি চুরির ঘটনাটি। চোর ক্যাশবাক্স ও স্টিল আলমারি থেকে নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায়। চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানাই।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
