চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ মে ২০২৬, ১৯:১১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস লুৎফুন নাহার।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে পুলিশ কর্তৃক ৫৭৯টি অভিযানে ২৮ লাখ ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ৭৫টি মাদক মামলায় ৪ কোটি ৯৯ লাখ ১ হাজার ৪১৭ টাকা জরিমানা করা হয়। জেলায় গ্রাম আদালত কর্তৃক ৮৯টি মামলায় ১ লাখ ৬২ হাজার একশ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এসময় সীমান্ত জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমাতে এবং অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়। প্রযুক্তির অপব্যবহার রোধে এবং গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় কমিটির উপদেষ্টা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
