চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ১০ মে ২০২৬, ২১:৩৪ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বটতলী ইউনিয়ন থেকে হালিমা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১০ মে) বেলা ১১টার দিকে পশ্চিম বরৈয়া গ্রামের কালু মাঝির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত নারীর নাম হালিমা আক্তার। তিনি একই উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসহাকের মেয়ে। তার স্বামীর নাম মিজানুর রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর হালিমার সঙ্গে মিজানুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। শনিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রোববার সকালে ঘরের ভেতর থেকে হালিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহতের বড় ভাই নঈম উদ্দিন জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে আমার বাবার মোবাইলে ফোন দিয়ে হালিমার স্বামী জানায়, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, শয়নকক্ষের ছাদের সঙ্গে লাশ ঝুলছিল এবং পা মাটিতে স্পর্শ করা অবস্থায় ছিল। আমাদের ধারণা, আমার বোনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।