রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ৮
প্রকাশ : ১১ মে ২০২৬, ১৭:০৪ | অনলাইন সংস্করণ
রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকসেবী ও চুরি মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পরিচালিত এ অভিযানের তথ্য জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ-এর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল রিজার্ভ বাজার, পুরাতন বস্তি, হাসপাতাল এলাকা, ভেদভেদীসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুভাশ দাশ (৪০), মন্নি দাশ (৩৬) ও রায়হান উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকসেবনের অভিযোগে ইউসুফ (২৪) ও ইরফান উল কাদের (৩২), মাদক কারবারের অভিযোগে সোহেল (২৬) এবং চুরি মামলার আসামি পুন্য চাকমা (৩৫) ও শ্যামল বিকাশ চাকমাকে (২৯) আটক করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্টরা জানান, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে রাঙ্গামাটি শহরে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
