সিরাজগঞ্জে রাতে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

প্রকাশ : ১১ মে ২০২৬, ২১:০৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্ব বিরোধের জেরে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার বৃদ্ধ সোবহান প্রামানিককে (৭০) ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের ইসমাইলের ছেলে হায়দুল ইসলামকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার রাতে উপজেলার দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রোববার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। গভীর রাতে ঘরের ডোয়া কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন এবং তার স্ত্রী শেফালি খাতুন গুরুতর আহত হন। পুলিশ সোমবার ভোরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।