নরসিংদী

নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৪:২০ | অনলাইন সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর ঢাকার বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী মাহিম শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১১ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

নিখোঁজ শিক্ষার্থীর নাম মাহির শাহরিয়ার (১৯)। পরিচয়পত্র অনুযায়ী তিনি বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর  শিক্ষার্থী।

বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী ও মাহির এর সহপাঠীরা জানান, সকালে ঢাকার বিএফ শাহীন কলেজের একদল শিক্ষার্থী ট্রেনে করে নরসিংদীতে ঘুরতে আসে। পরে তাদের মধ্যে প্রায় ৩০ জন ব্রিজের নিচে মেঘনা নদীতে গোসল করতে নামেন। 
এক পর্যায়ে শিক্ষার্থী মাহিম শাহরিয়ার নদীর গভীরে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ সময় অভিযান চালানোর পর বিকেলে নদী থেকে মাহিম শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সহপাঠী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন তার বন্ধু ও পরিচিতজনরা।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে ট্রেনে করে নরসিংদীর বিভিন্ন নদী ও দর্শনীয় এলাকায় ঘুরতে আসছে। অনেক সময় তারা ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে ভ্রমণ করছে এবং নিরাপত্তা ছাড়াই নদীতে নামছে, যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিক্ষার্থীদের অসচেতন আচরণকে দায়ী করছেন, আবার কেউ অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন ও সচেতন মহল শিক্ষার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে গোসল বা সাঁতার থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।