ফেনীতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোহাম্মদ নুরুল আলম ও তার পুত্র নুর হাসনাত নীরব। পেশায় অ্যাম্বুলেন্স চালক নুরুল আলম এবং তার পুত্র নীরবের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুনশি বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোটরসাইকেলযোগে নুরুল আলম ও পুত্র নুর হাসনাত নীরব বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। হাফেজিয়া এলাকায় পৌঁছালে মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দি এক্সপ্রেস পরিবহনের একটি বাস পাশ থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুরুল আলম মারা যান। এ সময় তার ছেলে নীরব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে সেও মারা যায়।
এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, নিহতদের মৃতদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় রেখেছে। বাস চালক পালিয়ে গেছে। মামলার প্রক্রিয়া চলছে।
