বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী
প্রকাশ : ১২ মে ২০২৬, ২১:৩০ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের শিকার দুই নারী সাজাখেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ভ্রমণ অনুমতিপত্রের মাধ্যমে দেশে ফিরেছেন।
মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল অভিবাসন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসা নারীরা হলেন, বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার (২৬)।
বেনাপোল অভিবাসন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে তারা সীমান্ত দিয়ে চোরাই পথে দালালদের মাধ্যমে ২০২৩ সালে রাতের আঁধারে ভারতে যান। সেখানে তারা নয়া দিল্লিতে অবস্থান করেন এবং বাসাবাড়িতে কাজ করতেন। গত বছরের ১১ ডিসেম্বর পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠান। সেখানে তারা পাঁচ মাস কারাভোগ করেন।
অভিবাসনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
