সিরাজগঞ্জে সংঘর্ষ-হামলা: ২০০ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৪:৪৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের এসআই খোরশেদ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেছেন। এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই মোমিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আধিপত্য বিস্তার এবং আম ও লিচু পাড়া নিয়ে পৌর এলাকার মাহমুদপুর ও চর রায়পুর মহল্লাবাসীর মধ্যে শুক্রবার রাত থেকে তুমুল সংঘর্ষ চলছিল। সংঘর্ষকারীরা কয়েকদিন ধরে দিনে ও রাতে ডিজে লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় মহল্লাবাসীর নারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। পুলিশ সংঘর্ষ থামাতে দিনে ও রাতে টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় সংঘর্ষকারীরা পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ব্যাপারে ওই এসআই বাদী হয়ে রোববার রাতে এ মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় অভিযূক্তদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে।
এদিকে এ মামলা দায়েরের পর থেকে ওই দুই মহল্লা পুরুষ শূন্য হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরে তালা দিয়ে অন্যত্র অবস্থান করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
