ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) সকালের দিকে পাকশী রেলস্টেশন এর অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাসিন্দা এবং মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে।

পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা জিআরপি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবার শনাক্ত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।