হামের পরিবর্তে ১ মাসের শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন
প্রকাশ : ১৩ মে ২০২৬, ২০:৪৬ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ মে) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ফাতিহাকে নিয়মিত টিকা দিতে সেখানে নিয়ে যান তার মা।
শিশুটির পরিবার জানায়, নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর টিকা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ সময় শিশুটিকে হামের টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন দেওয়া হয়।
পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তারা। পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। তারা এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের কথা স্বীকার করে বলেন, এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে এ ভ্যাকসিন প্রয়োগে শিশুর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তারপরও শিশুটির পরিবারের সদস্যদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, বিষয়টি জানার পর শিশু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। তাদের মতে, এ ভ্যাকসিন প্রয়োগে শিশুর ক্ষতির সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে এর আগেও নানা অভিযোগ উঠেছে।
