সিরাজগঞ্জে পুকুর খননকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২০:৫৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চেংটিয়া বড় আইন্দা গ্রামে প্রাচীন একটি পুকুর খননের সময় কষ্টিপাথরের একটি দুর্গা মূর্তি উদ্ধার হয়েছে। মূর্তিটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে পুকুরপাড়ে শত শত নারী-পুরুষের ভিড় জমে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গ্রামের শতবর্ষী প্রায় ১৬ বিঘা আয়তনের পুকুরটি খননকাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে মূর্তিটির সন্ধান পান। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় এক মণ বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, একই পুকুর থেকে এর আগেও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছিল। এবার খননকাজের সময় আরেকটি কষ্টিপাথরের দুর্গা মূর্তি পাওয়া গেছে।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে।