মুন্সীগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত প্রেস ব্রিফিং
প্রকাশ : ১৩ মে ২০২৬, ২১:৫১ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি — জাতীয় ও মুন্সীগঞ্জ’ সংক্রান্ত একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার-সহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিনিধিগণ।
ব্রিফিংয়ে বর্তমান সরকারের ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত কার্যক্রমের কথা তুলে ধরা হয়। সামাজিক নিরাপত্তা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে জাতীয় পর্যায়ের পাশাপাশি মুন্সীগঞ্জ জেলাতেও বিভিন্ন কর্মসূচির অগ্রগতি দৃশ্যমান হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মার্চ ২০২৬ থেকে উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। ১০ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। পরিকল্পনা অনুযায়ী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে মাসিক ২,৫০০ টাকা সহায়তা প্রদান করা হবে। মুন্সীগঞ্জে জুলাই ২০২৬ থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
‘কৃষক কার্ড’ কর্মসূচি ১৪ এপ্রিল ২০২৬ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে কৃষকদের সার, বীজ, কৃষিঋণ ও ভর্তুকি ডিজিটাল ব্যবস্থায় প্রদান করা হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জে এলজিইডির ৩টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প চলমান রয়েছে। টংগিবাড়ি মটুপুকুর সিদ্ধেশ্বরী বাজার খালের ৫২% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া গজারিয়া, শ্রীনগর, টংগিবাড়ি ও সিরাজদিখানে বিভিন্ন খাল পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে।
পরিবেশ সংরক্ষণে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জে আগামী ১৮০ দিনে মোট ১,১২,৪০০টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পরিবহন সুবিধা চালুর লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
জেলা তথ্য অফিস, মুন্সীগঞ্জ বিভিন্ন সভা-সমাবেশ, উঠান বৈঠক ও প্রচারণার মাধ্যমে জনগণকে এসব কার্যক্রম সম্পর্কে অবহিত করছে। সার্বিকভাবে সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন কার্যক্রম জনগণের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।
