চাঁদপুরে আগুনে পুড়ল ২০ বসতঘর, পথে ১১ পরিবার

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০:৫৫ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পরিবারের অন্তত ২০টি ছোট-বড় বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৩ মে) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, উত্তর সাহেবগঞ্জ গ্রামের দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে দেলোয়ার হোসেন, মোকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইয়ুব আলী, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম, মামুনসহ কয়েকটি পরিবারের মোট ২০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত সুমি বেগম বলেন, রান্নার কাজ শেষে গোসল করে এসে আগুন দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে যায়।

আরেক ক্ষতিগ্রস্ত ইমরান হোসেন জানান, আগুন ছড়িয়ে পড়ার পর ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারও পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আগুনে উত্তর সাহেবগঞ্জ গ্রামের ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা কামরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরগুলোর কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ঘটনাস্থলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।