ঈশ্বরগঞ্জে সড়ক দখল করে ধান শুকানোর হিড়িক, দুর্ঘটনার ঝুঁকি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৬:০২ | অনলাইন সংস্করণ

  মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটুলিয়া গ্রামে আঞ্চলিক সড়ক দখল করে ধান শুকানোর অসুস্থ প্রতিযোগিতায় চরম ঝুঁকিতে পড়েছে সাধারণ মানুষ ও যানবাহন। রাস্তার একাংশ জুড়ে ধান ও প্রতিবন্ধকতা হিসেবে ফেলে রাখা হচ্ছে গাছের গুঁড়ি (ডুম)। যার ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটুলিয়ার ওই সড়কে কৃষকরা দীর্ঘ পথ জুড়ে ধান বিছিয়ে রেখেছেন। ধান যাতে এলোমেলো না হয়, সেজন্য রাস্তার ওপরই ফেলে রাখা হয়েছে ভারী গাছের গুঁড়ি।

হাটুলিয়াসহ এলাকার বিভিন্ন পয়েন্টে দেখা যায়, পিচঢালা রাস্তার অর্ধেকের বেশি জায়গা জুড়ে ধান ও খড় শুকানো হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যাওয়ায় বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো সাইড দিতে গিয়ে বিপাকে পড়ছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশার চাকা ধানের ওপর পিছলে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

ভুক্তভোগী যাত্রী মো. শফিউল্লাহ বলেন, “রাস্তা কোনো ব্যক্তিগত চাতাল নয়। সরকারি রাস্তায় এভাবে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা অন্যায়। আজ আমরা পুকুরে পড়ে মরতে পারতাম। এর দায় কে নিত?”

চালকদের অভিযোগ, ধান শুকানোর পাশাপাশি খড় বিছিয়ে রাখায় চাকা পিছলে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে।

ঈশ্বরগঞ্জের সচেতন মহল মনে করছেন, কৃষকদের ধান শুকানোর জায়গার অভাব থাকলেও জননিরাপত্তা বিঘ্নিত করে সড়ক ব্যবহার করা মোটেও কাম্য নয়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং কৃষকদের সচেতন করার জোর দাবি জানানো হয়েছে।