শিক্ষার্থীদের মাদক থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: বিদ্যুৎ মন্ত্রী

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২১:২২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন হলেও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। মাদক থেকে বাঁচতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। 

শুক্রবার (১৫ মে) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি শহরে অনেক বড় বড় বাড়ি নির্মিত হয়েছে। সেখানে অনেক ছেলে-মেয়ে বাস করে। কিন্তু এসব ছেলে-মেয়েদের খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। খেলাধুলা না করায় ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং তাদের মনও নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষার বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে। তাদের সঠিক পথে এনে সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করতে পারলে আমাদের দেশটাও সুন্দর হবে।

এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মামুন খান প্রমুখ উপস্থিত ছিলেন।