ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৫ মে ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) দুপুর প্রায় ৩টার দিকে লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধু আশ্রমের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তি ও নৌকার মাঝির সহায়তায় মরদেহটি নদীর তীরে নিয়ে আসে।
কামতাল ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৮ থেকে ১০ দিন আগের। মরদেহটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কামতাল ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
