সরকারি চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা রয়েছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৭:০৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারি চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা কোটা রয়েছে। তারা বর্তমানে সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন।

শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুরোনো সংস্কৃতি ভুলে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। এক সময় এই গোষ্ঠীর মেয়েরা স্বামীর পা ধুয়ে দিত। এতে মেয়েদের মানবিকতার বিকাশ হতো না। তারা মানসিকভাবে পুরুষের তুলনায় নিজেদের ছোট ভাবত। এখন যুগের পরিবর্তন হয়েছে। এ গোষ্ঠীর মেয়েরা বিসিএস ক্যাডার হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “তোমরা শিক্ষিত হলে দেশ পরিচালনার দায়িত্ব এক সময় তোমাদের হাতেই পৌঁছাবে। তোমরা পিছিয়ে নেই, তোমাদের মানসিকতা পিছিয়ে রাখার কারণেই তোমরা পিছিয়ে আছো।”

এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যসহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।