সিরাজগঞ্জে ৩ হাজার বিঘা ধান পানিতে

প্রকাশ : ১৬ মে ২০২৬, ২১:৩৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৩ হাজার বিঘা জমির ধান এখন পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকার কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই উপজেলার সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এতে পশ্চিম আটঘরিয়া, গোপীনাথপুর, চকদাদপুর, কলিয়া, শ্রীরামপুর, গোপালপুর, বাশাইল, রাজাপুর ও বোয়াইল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ এলাকার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণেই এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। তারা অবাধে এ ধরনের পুকুর খনন চালিয়ে যাচ্ছে।

এ কারণে এসব অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিশেষ করে ইরি-বোরো ও আমন মৌসুমে কৃষকরা প্রতি বছর ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। কৃষকেরা বলছেন, এসব জলাবদ্ধতা রোধে ড্রেন নির্মাণ প্রয়োজন। জরুরি ব্যবস্থা না নিলে কৃষকরা আরও বড় ক্ষতির মুখে পড়বেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমিনুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক মহোদয়ের মাধ্যমে কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে আগামী আমন মৌসুম শুরুর আগেই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।