দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্ভোগ লাঘবে ২য় পদ্মা সেতু নির্মাণের দাবি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার দুর্ভোগ লাঘবে ২য় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।