সিরাজগঞ্জে ঈদকে সামনে রেখে ‘বাঁশকল’ স্থাপন
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০:৩২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাতি ও গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা রোধে সড়কে বাঁশকল (বাঁশের তৈরি) স্থাপন করা হয়েছে। রাতের পাহারায় সন্দেহ হলেই বাজানো হয় এ বাঁশকল। এতে ঘটনাস্থলে দ্রুত বেরিয়ে আসবে গ্রামবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহজাদপুর, কামারখন্দ, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলাসহ এ জেলার বিভিন্ন স্থানে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা ক্রমাগতভাবে বাড়ছে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে এসব অপরাধ রোধে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। এরপরেও জেলার অনেক স্থানে এসব অপরাধ থামছে না।
এ বিষয়ে সদর থানার ওসি রাকিবুল হাসান, শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম ও রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, জনগণের সহযোগীতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। কোরবানির ঈদকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাঁশকল স্থাপনের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহের প্রথম থেকে উল্লিখিত উপজেলার বিভিন্ন সড়কে আনুষ্ঠানিকভাবে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব বাঁশকল স্থাপনে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। রোববার বিকেলে শাহজাদপুর উপজেলার পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কে আনুষ্ঠানিকভাবে এ বাঁশকল স্থাপন করেছে থানা পুলিশ প্রশাসন। এ বাঁশকল পাহারায় গ্রাম পুলিশ ও গ্রামবাসী সহযোগিতা করবে। ইতোমধ্যেই উল্লেখিত এলাকায় বাঁশকল স্থাপনে বিভিন্ন অপরাধ প্রবণতা কমছে এবং সেইসাথে বিশেষ কৌশলে পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফ জানান, ঈদকে সামনে রেখে পুলিশের কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতার কারণেই নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত বাঁশকল এখন শুধু একটি সংকেত নয়, মানুষের ঐক্য, সচেতনতা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
