এমপি আমির হামজাকে আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১:২৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।
মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী মন্তব্যের অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ওইদিন আদালত তার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। পরে বিজ্ঞ বিচারক আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
