রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) দুপুর ১টায় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের নাম শ্রীকান্ত মালাকার (২৫)। তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া মুখী একটি ট্রাক মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় শ্রীকান্ত মালাকারের মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে পালিয়ে গেলেও উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।