কর্মস্থলে রাবিপ্রবির নবনিযুক্ত ভিসি ড. জয়নুল আবেদীন সিদ্দিকী
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৯:২৫ | অনলাইন সংস্করণ
রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
সোমবার (১৮ মে) রাবিপ্রবি’র কর্মস্থলে যোগদান করেন তিনি। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রি এর অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভাইস-চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। অতঃপর ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তিনি তার দপ্তরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের চলমান অগ্রগতি বিষয়ে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সভাকক্ষে মতবিনিময় করেন।
এসময় ভাইস চ্যান্সেলর এ বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থানে উন্নীত করার জন্য ইতঃপূর্বে সকলের অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জসমূহ জানতে চাইলে অনুষদের ডিন ও চেয়ারম্যানগণ তাদের স্ব-স্ব অনুষদ ও বিভাগের সামগ্রিক চিত্র তুলে ধরেন এবং সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়া ছাত্র-ছাত্রী হলের প্রভোস্টগণ ও বিভিন্ন পরিচালকবৃন্দ তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়ে ভিসিকে অবগত করেন।
আইকিউএসি, আরআইএমসি এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির কথা তুলে ধরেন স্ব-স্ব পরিচালকবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান হিট প্রজেক্টসহ অন্যান্য প্রজেক্ট সম্পর্কে শিক্ষকগণ তাদের কর্মপরিকল্পনা, অভিজ্ঞতা ও কার্যক্রম বর্ণনা করেন। ভাইস চ্যান্সেলর অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেট সম্পর্কে অবহিত হন। ভাইস চ্যান্সেলর অবকাঠামোগত উন্নয়নে গুরত্বারোপ করেন এবং যথাসময়ে তা সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। তিনি বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য দ্রুত ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, সাব-স্টেশন স্থাপনের উপর জোর দেন; এছাড়াও ঘাটতি বাজেট পূরণে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১৪ মে ২০২৬ তারিখে রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।
