সিরাজগঞ্জ

মেডিকেল শিক্ষার্থীকে গুলি: ডাক্তারের ২১ বছর কারাদণ্ড

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলির মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রভাষক ডা. রায়হান শরীফ-কে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ডা. রায়হান শরীফ (দণ্ডপ্রাপ্ত) ওই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের (অব.) প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।

ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গত ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমি ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র ও ছোরা নিয়ে পরীক্ষা নিচ্ছিলেন ডাক্তার রায়হান শরীফ। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালের (২২) ডান পায়ে গুলি করেন। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ডাক্তার রায়হান শরীফকে ক্লাস রুমে আটক রাখে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকু উদ্ধার করে এবং এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তার শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার এসআই ওয়াদুদ আলী বাদী হয়ে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক অস্ত্র আইনের দুটি ধারায় উল্লেখিত রায় ঘোষণা করেন।