মির্জাগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নাসির ও শিক্ষিকা হাসি নির্বাচিত

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২:১৯ | অনলাইন সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৫’-এর আওতায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের যৌথ স্বাক্ষরিত ১৩ মে ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন এম. শামীম আহমেদ নাসির। তিনি পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

অন্যদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন সোনিয়া জাহান হাসি। তিনি ভাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন।

মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

এই অর্জনে উপজেলার বিভিন্ন মহল থেকে নির্বাচিত শিক্ষক ও শিক্ষিকাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এই স্বীকৃতি অন্য শিক্ষকদেরও দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।