সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৫:০৫ | অনলাইন সংস্করণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এর পরপরই পাল্টা জবাব দেয় বিজিবি। দুই বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বিজিবির দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়।

এদিকে পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানিয়েছে বিজিবি।

পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।